হবিগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৪ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ছাত্রদলের দুই কর্মীর মধ্যে বৃন্দাবন সরকারি কলেজে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উভয়পক্ষ কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তের মধ্যে সংঘর্ষ রাজনগর, মাস্টার কোয়ার্টার, বেবিস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষের প্রথম পর্যায়ে পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বেলা ১টায় দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে রাজনগর এলাকায় অনামিকা কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাংচুর করা হয়। এছাড়াও একটি কিন্ডার গার্টেনসহ বেশ কয়েকটি দোকানপাটে ভাংচুর চালানো হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ ব্যাপারে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ জানান, তার গ্রুপের রকির সাথে বুধবার আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ গ্রুপের শাওন ও শিপনের কলেজে ঝগড়া হয়। বৃহস্পতিবার সংঘর্ষের আশঙ্কার কথা তাকে ঐদিন রাতে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ জানান, প্রথমে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হাঙ্গামা শুরু হলেও সংঘর্ষ হয়েছে মূলত কয়েকটি এলাকার লোকজনের মধ্যে। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।