ইসলামিক সলিডারিটি গেমস

আর্চার মিলনের রৌপ্য জয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩০
দেশ ছেড়ে যাওয়ার আগে আরচ্যার ইমদাদুল হক মিলন বলেছিলেন পদকের জন্য চেষ্টা করবেন এবং সবাইকে চমক দিয়ে রৌপ্য জিতেছেন তিনি। ইন্দোনেশিয়ার ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ের কোনো প্রত্যাশা ছিল না। এর মধ্যেই গতকাল রিকার্ভ বো ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন মিলন। তার জয়টি চমকের মতো এ জন্য যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নীতি নির্ধারকরাও দল পাঠানোর সময় বলেছিলেন কেবল অভিজ্ঞতা অর্জনের কথা। গতকাল ইন্দোনেশিয়ার পালেস্বাং শহরে অনুষ্ঠিত তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারিতে ৭০ মিটার রিকার্ভ অলিম্পিক রাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত লড়াইয়ে বাংলাদেশের মিলন মিশরের আহমেদ আল ইমরীর কাছে ৬-২ পয়েন্টে হেরে রৌপ্য পদক পান। এই ইভেন্টে মিশরের ইব্রাহিম সাব্রি ব্রোঞ্জ পদক জয় করেন। উল্লেখ্য, বাংলাদেশের আর্চার মিলন ইন্দোনেশিয়ায় ২০০৯ সালে যুব অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন।