মিরপুর সুইমিং কমপ্লেক্সে আজ থেকে তিনদিন ব্যাপী বয়সভিত্তিক জাতীয় সাঁতার শুরু হচ্ছে। ২৯তম জাতীয় আসরটিতে অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ বছর বয়সের সাঁতারুরা পাঁচটি বিভাগে লড়াই করবে। এরই মধ্যে সাঁতারুদের বয়স যাচাই শুরু হয়েছে।
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ২৮টি জেলা ক্রীড়া সংস্থা, ৩২টি ক্লাব, বিকেএসপি ও আনসারসহ ৬০টি দলের প্রায় ৫০০ সাতারু অংশ নিতে যাচ্ছে ১০৩টি পদকের জন্য। সংখ্যাটা কমতে পারে ডাক্তারি পরীক্ষার পর। মিরপুরে ডাইভিং স্প্রিং বোর্ড না থাকায় এই ইভেন্টটি হবে বিকেএসপিতে। খেলা হবে ইলেক্ট্রনিক টাইমিংয়ে। বয়স ভিত্তিক সাঁতারের জন্য স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দিচ্ছে ১০ লাখ টাকা। যদিও ব্যয় হবে ১৬ লাখ টাকা। আয়োজকরা জানিয়েছেন পদক বিজয়ীদের জন্য থাকবে অর্থ পুরস্কার।
