ধর্মঘটের হুমকি ব্রাজিলিয়ান ফুটবলারদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ব্রাজিলের ফুটবলাররা। গভর্নিং বডি ২০১৪ বর্ষপঞ্জিতে পরিবর্তন আনতে রাজি না হলে ধর্মঘটে যাবে বলে হুমকি দিয়েছে ব্রাজিলের ফুটবলাররা। খেলোয়াড়দের সংগঠন ফেনাপাফ মঙ্গলবার জানিয়েছে, অত্যন্ত ব্যস্ত সূচির প্রতিবাদে তারা তাদের সদস্যদের মৌসুমের শেষ দুই রাউন্ড বয়কট করার জন্য বলবে। ফেনাপাফ প্রেসিডেন্ট আলফ্রেডো স্যাম্পাইয়ো বলেন, ‘আমি প্রস্তুতি নিচ্ছি এবং পরবর্তীতে সকল খেলোয়াড়ের কাছে এ প্রস্তাব পাঠাবো। তাদের সচেতন ও উদ্যগী হতে হবে। তা না হলে কোন পরিবর্তন আসবে না। ধারাবাহিকভাবে আমরা এটা মেনে নিতে পারি না।’ দীর্ঘদিন যাবত্ই মৌসুমের সূচি ও ম্যাচ সংখ্যা উভয় বিষয়েই ব্রাজিলীয় সূচির সমালোচনা করে আসছে দেশটির ফুটবলার, কোচ ও গণমাধ্যম। প্রাদেশিক চ্যাম্পিয়নশিপ, জাতীয় লিগ, ব্রাজিল কাপ এবং মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে এক বছরের ১০ মাসেরও বেশি সময় ধরে চলে মৌসুম। বিশ্বকাপের সময় বের করতে আগামী বছরের সূচি আরো বেশি দীর্ঘ। বিশ্বকাপের জন্য আগামী বছর জুনের প্রথম থেকে মধ্য জুলাই পর্যন্ত স্থানীয় সকল টুর্নামেন্ট স্থগিত থাকবে। স্যাম্পাইয়ো বলেন, ‘বর্ষপঞ্জি ইতোমধ্যেই একটা তামাশায় পরিণত হয়েছে। ২০১৪ মৌসুমটা পুরোপুরিই এবং সকলেই সেটা জানে।’ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সাবেক আর্সেনাল অধিনায়ক গিলবার্টো সিলভা, এসি মিলানের সাবেক স্ট্রাইকার আলেন্দ্রে পাতো এবং সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জুলিও ব্যাপটিস্টাসহ কমপক্ষে ৭০ জন ফুটবলার পরিবর্তন চেয়ে করা একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। - বাসস