রাজধানীর খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়ায় শুক্রবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম রেদওয়ান ভুঁইয়া ওরফে রিধু (১৬)।
নিহতের চাচাতো ভাই আরিফ রহমান জানান, ভুঁইয়াপাড়া ২১২/৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো রেদওয়ান। তার বাবার নাম মৃত মজনু মিয়া ভুঁইয়া। রেদওয়ান স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করত। সন্ধ্যার পর বৃষ্টির সময় বাসার পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নিকটস্থল ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে রিধুকে রক্তাক্ত অবস্থায় তার বোন নোভা হাসপাতালে আনার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নোভা তাদের জানিয়েছেন খিলগাঁও ভুঁইয়াপাড়ায় বাসার কাছেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, পুলিশ দুর্বৃত্তদের শনাক্তের ও খুনের মোটিভ জানার চেষ্টা করছে।
