আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিদেশি সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা না করে সংসদে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের সমস্যা সমাধানে বিদেশিদের মুরব্বিয়ানার সুযোগ নেই। কারণ বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বিদেশিরা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতেই পারে। কিন্তু সমস্যার সমাধান করতে পারে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা শেখ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির হোসেন, মিনহাজ উদ্দিন মিন্টু, আসাদুজ্জামান প্রমুখ।
