ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট রেজিস্টার ও গ্র্যাজুয়েটস নির্বাচনে পঁচিশজন প্রতিনিধি নির্বাচনে প্রস্তুতকৃত ভোটার তালিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিনেট ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দশ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সিনেট নির্বাচনের ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারসহ দুইজন। ওই রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার বেলায়েত হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম শুনানি করেন।
