বিএসএফ কর্তৃক সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা। গত বুধবার ছয়টি সংগঠনের পক্ষ থেকে দেয়া এ স্মারকলিপিতে কিশোরী ফেলানীর হত্যাকারী বিএসএফ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
ভারতীয় দূতাবাসের পক্ষে একজন কর্মকর্তা এই স্মারকলিপি গ্রহণ করেন। এসময় ভারতীয় হাইকমিশনের বাইরে প্রতিবাদকারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সীমান্তে হত্যা বন্ধে শ্লোগান দেয়। লিপি হালদার ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লার নেতৃত্বে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, জামাল আহমেদ খান, মুজিবুল হক মনি, গোলাম কবীর, স্মৃতি আজাদ, জুয়েল রাজ, ঈসা রাশেদ, শেগুপ্তা শারমিন, রুবী হক প্রমুখ।
