ভারত থেকে বিদ্যুত্ আমদানি শুরু হচ্ছে আজ। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা হবে বলে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে। আগামী ৫ অক্টোবর ভারত- বাংলাদেশ বিদ্যুত্ সঞ্চালনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
পিজিসিবি কর্তৃপক্ষ জানায়, প্রথম দিকে ৫০ মেগাওয়াট করে বিদ্যুত্ সরবরাহ করা হবে। আজ শুক্রবার থেকেই এই বিদ্যুত্ আমাদের জাতীয় গ্রীডে যোগ হবে। অক্টোবরের শেষ নাগাদ সরবরাহের পরিমাণ ১৭৫ থেকে ২০০ মেগাওয়াটে উন্নীত হবে বলে তারা আশা করছেন।
প্রসঙ্গত, বিদ্যুত্ আমদানির জন্য ভারতের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারায় সাবস্টেশন নির্মাণের মধ্য দিয়ে প্রতিবেশী এই দুই দেশ বিদ্যুতের গ্রীড লাইনে যুক্ত হয়েছে। আগামী তিন মাস বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুত্ আমদানির জন্য বাংলাদেশকে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ বাবদ প্রতি মাসে ৫২ কোটি রুপির ঋণপত্র খুলতে হবে। প্রতিমাসে বিল আসলে তা পরিশোধ করতে হবে।
পিডিবির কর্মকর্তারা জানান, ভারতীয় এই বিদ্যুতের প্রতি ইউনিটের দর তিন টাকা ৭৬ পয়সা। এর সঙ্গে ‘হুইলিং চার্জ’ (সঞ্চালন ফি) যুক্ত হবে। সময়ে সময়ে বিদ্যুতের মূল্য নির্ধারণকারী ভারতীয় কমিশন সিইআরসি এই দামের পরিবর্তন করতে পারবে।
