একদলীয় নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সরকার ‘হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সরাসরি হুমকি। এ ধরনের আচরণ অসাংবিধানিক, শিষ্টাচারবহির্ভূত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল।’
গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারের কর্মকর্তাদের আমাদের কথা অনুযায়ী চলতে হবে। যারা নির্দেশ মানবেন না, তাদের কপালে দুঃখ আছে।’
নাসিমের এই বক্তব্যের সমালোচনা করে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের নেতা রিজভী বলেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। এ কারণেই হুমকি-ধামকি দিচ্ছেন।
