তফসিল ঘোষণা পর্যন্ত এই সরকারই ক্ষমতায় থাকবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদ ২৫ অক্টোবরের পর দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ২৪ অথবা ২৫ অক্টোবর থেকে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। কিন্তু যারা একথা বলছেন তারা হয়তো জানেন না নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান সরকারই পূর্ণ শক্তি নিয়ে ক্ষমতায় থাকবে। তফসিল ঘোষণার দিন থেকে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের রূপ নেবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় নবনির্মিত র্যাব কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ লতিফ ও র্যাবের মহাপরিচালক মোঃ মোখলেসুর রহমান। সভাপতিত্ব করেন র্যাব ৭ এর অধিনায়ক এম সাহেদ করিম। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন, দেশে রাজনীতির ছত্রচ্ছায়ায় কতিপয় স্বৈরতান্ত্রিক শক্তি নির্বাচন প্রতিহত করার মাধ্যমে দেশে গণতন্ত্র বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে এ অপশক্তিকে প্রতিহত করা হবে বলে তিনি উল্লেখ করেন।