প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
দে খা র ছ বি
ফরেস্ট গাম্প
ছবির কথা :‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রটির সাধাসিধে ফরেস্ট গাম্প সিনেমাপ্রেমীদের কাছে খুব প্রিয় একজন মানুষ। বোকা লোকটা কখনোই জীবনের কাছে কিছু চায়নি। কিন্তু পেয়েছিল সব। আবার অজান্তেই হারিয়েও ফেলেছিল সবকিছু। ভালোবাসা কী তা না বুঝেই প্রচণ্ড রকমভাবে ভালোবেসেছিল একজনকে। বন্ধুত্ব কী তা না বুঝেই বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য সব করেছিল। তার মা তাকে সব সময় বলত ‘Life was like a box of chocolates. You never know what you’re going to get.’ এবং তার কাছে জীবনের মানে ছিল তাই! আসলেই কি সেটা নয়?
কেন দেখবেন :এই মুভিতে টম হাঙ্কসের অভিনয় এত বেশি ভালো যে সেটা বলে বোঝানো সম্ভব নয়, তা শুধু চলচ্চিত্রটি দেখেই উপলদ্ধি করা সম্ভব। আইএমডিবিতে ‘ফরেস্ট গাম্প’-এর অবস্থান ১৮তম এবং রেটিং ৮.৭।
===
শো না র গা ন
হুমায়ুন আহমেদ স্মরণে
গানের কথা :হুমায়ূন আহমেদ তার চলচ্চিত্র ও নাটকের জন্য যে গানগুলো লিখেছেন কিংবা তাতে ব্যবহার করেছেন, তেমনি ১৯টি গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম ‘হুমায়ূন আহমেদ স্মরণে’। অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা। অ্যালবামের গানগুলো হলো—‘আমার ভাঙা ঘরের’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘বরষার প্রথম দিনে’, ‘কন্যা নাচিল রে’, ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’, ‘সোহাগপুর গ্রামে’, ‘কুসুম রানীর’, ‘আমার শ্যাম যদি’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘হাবলংগের বাজারে’, ‘লীলাবালি লীলাবালি’, ‘সোয়াচাঁন পাখি’, ‘পূবালী বাতাসে’, ‘বন্ধু তোর লাইগা রে’, ‘আইজ পাশা খেলব’, ‘লোকে বলে’, ‘নিশা লাগিল রে’।
কেন শুনবেন :তার উপন্যাসের মতো গানগুলোও শ্রোতাদের অন্য এক মোহে আকৃষ্ট করে, সেটার টানেই শুনে যাওয়া বারবার, একই গান, একই সুর।
==
ত থ্য ক ণি কা
কলের গান
একসময়ে সংগীতপ্রেমী প্রতিটি সামর্থ্যবান পরিবারেই শোভা পেত কলের গান বা গ্রামোফোন। কারণ এখনকার মতো মোবাইল ফোনে বা এমপিথ্রিতে গান শোনা তো দূরে থাক ক্যাসেট প্লেয়ার বা সিডি প্লেয়ারেরও তখন প্রচলন ছিল না। সে সময়ে গান শোনার মাধ্যম ছিল কলের গান বা গ্রামোফোন। ১৮৭৭ সালে টমাস আলভা এডিসন প্রথম শব্দ রেকর্ড করে আবার তা থেকে শব্দ শোনার যন্ত্র আবিষ্কার করেন। এডিসন তার যন্ত্রের নাম দেন ফোনোগ্রাফ। এরপর ১৮৮৭ সালে এমিল বার্লিনার ফোনোগ্রাফের আরেকটু উন্নত সংস্করণ আবিষ্কার করেন এবং এই যন্ত্রের নাম দেন ‘গ্রামোফোন’। প্রথম দিককার গ্রামোফোনের রেকর্ডগুলোতে এক পিঠে একটি করে গান থাকত। পরে লং প্লে রেকর্ড তৈরি হতে শুরু হয়। তখন এক পিঠে সাত-আটটি করে গান রেকর্ড থাকত, যা গ্রামোফোন ব্যবহারের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল।
===
কে না কা টা
হেয়ার জেল
গ্রীষ্মপ্রধান এ দেশে প্রতিদিনের রোদ, ধূলোবালি প্রভৃতি থেকে চুলকে রক্ষা করতে চুলের প্রতি যত্নবান হওয়াটা বেশ জরুরি। এমনটা শুধু মেয়েদের নয়, ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। ছেলেদের স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ব্র্যান্ডের জেল অথবা ক্রিম ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। কারণ পরীক্ষিত ব্র্যান্ডগুলোর ছাড়া সাধারণ ব্র্যান্ডের ব্যবহার করলে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ছেলেদের হেয়ার জেল অথবা ক্রিম নিউমার্কেট, সানমার ওশান সিটি, রিয়াজউদ্দিন বাজার ছাড়াও পেতে পারেন অন্যান্য শপিং মলেও। তবে স্থানীয় দোকান থেকে এ ধরনের পণ্য না কেনাটাই ভালো। প্রসাধনী পণ্যের মান অনুযায়ী অনেক সময় মূল্যের তারতম্য দেখা দেয়। অনেক সময় স্থানবিশেষেও তবে টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের পণ্য না কিনে টাকা খরচ করে ভালো পণ্য কেনাটাই বুদ্ধিমানের কাজ। বাজারে চলমান হেয়ার জেল এবং ক্রিমের মধ্যে রয়েছে পামঅলিভ ২০০ থেকে ৪৮০, লাক্স ২০০ এবং লরিয়েল ১৫০ থেকে ৩৯০ টাকা।
