কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ ঝাউবন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ইব্রাহিম শীর্ষ ইয়াবা কারবারি। সে অনেক মামলার পলাতক আসামি এবং স্বরাষ্ট্রমন্ত্রাণালয়সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: মায়ের গর্ভেই শিশুর মেরুদণ্ডে অপারেশন
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদকসহ ৫ মামলার আসামি মো. ইব্রাহিমকে শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে সে পুলিশকে জানায়, গত কয়েক দিন পূর্বে মিয়ানমার হতে আনা ইয়াবার একটি বড় চালান বিক্রির পর আরও কিছু ইয়াবা শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঝাউ বাগান সংলগ্ন বেড়ী বাঁধের পশ্চিম পার্শ্বে বালুর চরে মজুদ রয়েছে। ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মো. শাকিল, মো. লিটু আহত হয়। এসময় পুলিশ নিজেদের জীবন ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ৩৮ রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ইব্রাহিমকে উদ্ধার করা হয়। পরে তাকে রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি এলজি, ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলে জব্দ করা হয়।
ইত্তেফাক/এমআরএম
