সমান সুযোগ পেলে বিএনপি নির্বাচনে যাবে ঃ ফখরুল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দলের পক্ষ থেকে বিএনপি নির্বাচনে যাবে বলে যে কথা হচ্ছে তা ঠিক। কারণ বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে, তবে তখনই যাবে - যখন সবাই সমান সুযোগ পাবে। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত তারেক রহমানের রাজনৈতিক চিন্তাপ্রসূত ‘আগামীর বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। সমান সুযোগ পেলে বিএনপি নির্বাচনে যাবে। তবে সে নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। ম্যাব সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দার, বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মাহবুব উল্লাহ, আবু আহমেদ, বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ।