বয়স ভিত্তিক সাঁতার

প্রথম দিনে তিনটি রেকর্ড

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে তিনটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে বালিকাদের ১০০ মিটার ব্রেষ্ট ষ্ট্রোকে আনসারের মুক্তি খাতুন, একই ইভেন্টে বালকদের গ্রুপে বিকেএসপির হিমেল রায় এবং ১৫-১৭ বছর বয়সের গ্রুপে বালিকাদের মধ্যে সাগরখালি সুইমিং মরিয়ম খাতুন নতুন জাতীয় রেকর্ড গড়েন। বিকেএসপি গতকাল শুরু হওয়া ২৯তম বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে পদক তালিকায় এগিয়ে রয়েছে। ২১টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে শীর্ষ স্থানে রয়েছে দলটি। অপরদিকে ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আনসার দ্বিতীয় স্থানে রয়েছে। লালনশাহ সুইমিং ক্লাব ২টি এবং সাগরখালী সুইমিং ক্লাব, পূর্বাঞ্চল সুইমিং ক্লাব, কুষ্টিয়া, মেহেরপুর সুইমিং ক্লাব ও কুমিল্লা ১টি করে স্বর্ণ পদক জয় করেছে। উদ্বোধনী দিনে যেসব সাঁতারু স্বর্ণ জয় করেন তারা হলেন জাহিদুল ইসলাম, সোহাগী খাতুন, আরিফুল ইসলাম, উ থৈ প্রু মার্মা, টিটু মিয়া, সোনিয়া আক্তার, লাকী খাতুন, সুরাইয়া আক্তার, সুমি খাতুন, মরিয়ম খাতুন, কুলসুম খাতুন. ওাশিদা খাতুন। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের উদ্বোধন করেন মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। এ সময় সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব উপস্থিত ছিলেন।