টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ক্রিস গেইল স্বদেশী সিপ্রন্ট কিং উসাইন বোল্টকে সমগ্র বিশ্বে জ্যামাইকার সবচেয়ে বড় দূত হিসেবে অভিহিত করেছেন। গালফ নিউজ ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে গেইল বলেন, ‘জ্যামাইকা এবং বিশ্বের জন্য বোল্ট যা করেছেন ভাষায় তা ব্যাখ্যা করা অসম্ভব। তিনি নতুন করে ইতিহাস লিখেছেন।’ গত বছর লন্ডন অলিম্পিকে প্রথম পুরুষ এ্যাথলেট হিসেবে ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক অক্ষুণ্ন রেখে এই গ্রহে নিজেকে ‘জীবন্ত কিংবদন্তী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের দ্রুততম এই মানব। বিশ্ব চ্যাম্পিয়নশীপে দৌড়ে সবচেয়ে বেশি পদকের মালিকও বোল্ট। এমনকি বিশ্বচ্যাম্পিয়নশীপে পদক জয়ের সংখ্যায় তিনি আমেরিকার কার্ল লুইসকেও ছাড়িয়ে গেছেন। গেইল বলেন, ‘সত্যিই তার জন্য আমি আনন্দিত। তিনি কিভাবে অনুশীলন করেন তা বলতে আমি তাকে শুনেছি। আশা করছি তরুণরা তার বই থেকে শিক্ষা গ্রহণ করবে।’ ‘আমার বিশ্বাস সে আরো বড় কিছু করতে পারবে। আপনি যেখানেই যান সেখানেই জনগণের মুখে তার নাম শুনবেন। জ্যামাইকার জন্য তিনি অসাধারণ কিছু করেছেন।’ বাসস
