প্রথম চার রাউন্ডে ইনজুরির কারণে খেলতে না পারা সাকিব আল হাসান আগামীকাল রবিবার কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে পারেন। ক্লাব সূত্রে এ তথ্য জানা গেছে। বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে তিনি এবারের লিগটিতে এতদিন মাঠে নামতে পারেননি।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের পঞ্চম রাউন্ডের খেলাগুলো আজ থেকে শুরু হচ্ছে। সাকিব এ রাউন্ডের প্রাক্কালে গতকাল শুক্রবার সকালে দলের সাথে নিয়মিত অনুশীলনে অংশ নেন। যদিও সাকিবের অবর্তমানে অধিনায়কের দায়িত্বপালন করা নাঈম ইসলাম জাতীয় দলের এই অলরাউন্ডারের খেলার ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। তিনি শুধু বলেন, ‘আগামীকাল সাকিব খেলবেন কিনা এখনও বলতে পারছি না। তবে, সাকিব থাকলে অবশ্যই উনি অধিনায়কত্ব করবেন।’
