নির্বাচন নিয়ে বিসিবি’র বিরুদ্ধে জেলা ও বিভাগীয় সংগঠকদের আইনি ব্যবস্থার হুমকি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াকে ‘নিয়ন্ত্রিত’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। গতকাল শুক্রবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় রোববার রাতে সংগঠক পরিষদের স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সংগঠক পরিষদের অভিযোগ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রশাসনের উপর প্রভাব সৃষ্টি করে পছন্দের ব্যক্তিদেরকে কাউন্সিলর করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু লিখিত বক্তব্যে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটিকে এ জন্য দায়ী করেন। এতে আরো বলা হয়-‘নড়াইল, জামালপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা এবং খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে যাদেরকে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সভায় মনোনয়ন দেয়া হয়েছিল তারা কাউন্সিলর হতে পারেননি।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আকছির, মর্তুজা রশিদী দারা ও উপ-মহাসচিব সরদার সেলিম।