টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার জাহাঙ্গীর হোসেন খান পাপ্পুর (২০) অকাল মৃত্যুতে গত রবিবার এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের নিচ তলায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এই শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, নিহত পাপ্পুর পিতা মোসলেম উদ্দিন খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক ও মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামিম আল মামুন, উপজেলা ক্রিকেট একাদশের সাবেক অধিনায়ক চপল, বর্তমান অধিনায়ক রাসেল, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিকেট একাদশের বোলার রায়হান সরকার রবিন, সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।
নিহত পাপ্পুর পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য মোটর সাইকেল নিয়ে বাসাইল উপজেলা কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাপ্পু পারিবারিক ভাবেই খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছিল। মির্জাপুর উপজেলা সদরের ক্রিকেট একাদশের উইকেট কিপার ও ব্যাটসম্যান ছিল। এ ছাড়াও ঢাকার কলাবাগান স্পোর্টিং ক্লাবে নিয়মিত ক্রিকেট খেলেছে সে।
