মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অধুনালুপ্ত ত্রাণ ও পুনর্বাসন কমান্ডার মোহাম্মদ আলীর হাসনহাটা গ্রামের বাড়িতে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে বাড়িটি জ্বালিয়ে দেয়। সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীকে খুন করার জন্য আক্রমণও করেছিল। কিন্তু মোহাম্মদ আলী সন্ত্রাসীদের হাত থেকে কোন রকমে পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ডাঙ্গা ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার ডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভা করা হয়। ডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার আব্দুর রশিদ মোল্লা, নরসিংদী জেলা অধুনালুপ্ত ইউনিট কমান্ডের কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাংগঠনিক কমান্ডার আরমান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, নূরুল হুদা, ফরিদ উদ্দিন খান, তাজুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধাগণ অবিলম্বে এঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।