৩ জন খুন ও ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের খটখটিয়া পশ্চিমপাড়া এলাকায় গত বৃহস্পতিবার ভোরে নুরুন্নাহার বেগম (৫৫) নামে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী অগ্নিদগ্ধ আশেক আলী (৭০) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাঢ়াটী এলাকা থেকে তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। পারিবারিক কলহের জেরে স্বামী আশেক আলী ঘুমন্ত নুরুন্নাহারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ৫/৭ মিনিটের মধ্যেই সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয় স্ত্রী নুরুন্নাহার। পাথরঘাটা (বরগুনা) পাথরঘাটা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে জান্নাতি ওরফে তানিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সে চান্দখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) দামুড়হুদায় জগন্নাথপুর গোচিয়ারপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্বামী পরিত্যক্তা শাহানারাকে (৩৮) গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে আব্দুল আজিজ খানের মেয়ে। দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামে গত বৃহস্পতিবার পুকুরে ডুবে হোসাইন আহমদের পুত্র ওমর ফারুক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে প্রদীপ অধিকারীর শিশুপুত্র প্রীতম অধিকারী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার মৌলভীবাজার সদর উপজেলার আকবুর গ্রামে গতকাল শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে টেনু মিয়া নামে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত টেনু মিয়া মিয়াদন মিয়ার ছেলে। আহতরা হলেন মো. কাওছার মিয়া (২৪), মুমিন মিয়া (৩০), রেহমান আলী (২২), মিজান মিয়া (২৫)। গোদাগাড়ী (রাজশাহী) রাজশাহীর গোদাগাড়ীতে মাদক নিরাময় কেন্দ্রে গত বৃহস্পতিবার বিকালে নজরুল ইসলাম নামে এক মাদকাসক্তের মৃত্যু হয়। জানা যায়, রাজশাহী মহানগরের মতিহার থানার কাপাসিয়া গ্রামের ফজলুল হকের ছেলে হেরোইন আসক্ত। গত এক সপ্তাহ আগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীর আসক্ত নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ঘটনার দিন তার শ্বাসকষ্ট দেখা দিলে চেকআপের জন্য গোদাগাড়ী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক না থাকায় পুনরায় মাদক নিরাময় কেন্দ্রে ফিরিয়ে আনলে সেখানে তার মৃত্যু হয়।