বিসিবি নির্বাচন

আপত্তির স্তূপ জমা হবে আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ, ২৯ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও সেই আপত্তি নিয়ে শুনানি করবে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশন। সাধারণত বেশিরভাগ ফেডারেশনের নির্বাচনে এই পর্বটি খুব কাগুজেভাবেই শেষ হয়। কিন্তু গতকাল পর্যন্ত যা বোঝা গেছে, তাতে নির্বাচন কমিশনে আজ এক গাদা আপত্তি জমা পড়বে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কাউন্সিলরদের নামের ওপর। ঢাকার গোটা তিনেক ক্লাবের কাউন্সিলশিপ নিয়েও সংশ্লিষ্ট কিছু সংগঠকের আপত্তি আছে। তারা আপত্তি জমা দেবেন কি না, তা নিয়ে নানাবিধ সমীকরণ কাল রাত অবদি চলেছে। তবে জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরশিপ নিয়ে যে আপত্তি জমা হতে যাচ্ছে, সেটা একরকম নিশ্চিত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের পরিষদ, ফোরাম আগের দিনই সংবাদ সম্মেলন করে বুঝিয়ে দিয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের মতে সঠিক উপায়ে কাউন্সিলরের নাম না পাঠানোয় ক্ষুব্ধ। সে অনুযায়ী আজ কমপক্ষে ১৫টি জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হবে বলে জানালেন ফোরামের মহাসচিব আশিকুর রহমান মিকু। এর মধ্যে রাজশাহী বিভাগ, জামালপুর জেলা, খুলনা জেলা, খুলনা বিভাগ, নড়াইল জেলা, লক্ষ্মীপুর জেলা, কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ, মুন্সীগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা থেকে আসা কাউন্সিলদের নিয়ে আপত্তি জমা হওয়ার কথা। এ ছাড়া মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার কোন কাউন্সিলর না আসা নিয়েও আপত্তি দিতে চান সংগঠকরা।