৫ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ১৮ মে ২০১৯, ১২:০৮

গোপালগঞ্জে মসজিদের দান বাক্সের ৫ টাকা নিয়ে বিরোধে বাদল সরদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ভোজেররগাতি গ্রামে এ ঘটনা ঘটে। বাদল সরদার ওই গ্রামের ফক্কু সরদারের ছেলে। তিনি ঢাকায় প্রাইভেটকার চালাতেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

 

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নতুন সরদার জানান, আনুমানিক ১০/১৫ দিন আগে বাদল সরদার ঢাকা থেকে গ্রামে আসেন। গত ১০ মে গ্রামের মসজিদে জুম্মার নামাজ শেষে তিনি দানবক্সের উপর ৫ টাকা রাখেন। এ টাকা প্রতিবেশী ছবর সরদার নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে শুক্রবার জুম্মার নামজের আগে বাদল ও ছবরের মধ্যে কথা কাটাকাটি হয়। জুম্মার নামাজ শেষে স্থানীয়রা শালিশ বৈঠক বসিয়ে দুজনকে শান্ত থাকার পরামর্শ দেন। চোরের অপবাদ দেয়ায় ছবর সরদার ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর কাছে বিচার চান। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ ছবর সরদার তার ছেলে হামিম সরদার ও শামীম সরদারকে নিয়ে তারাবি নামাজ শুরুর আগে বাদল সরদারের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরো পড়ুন : জীবন্ত পুঁতে রাখা নবজাতকে বাঁচালো পোষ্য কুকুর

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি