হাতিয়া উপজেলা সদরে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম চৌধুরী এমপির শনিবার নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।
হাতিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার একরামুল করীম চৌধুরী এমপির পূর্ব নির্ধারিত দলীয় জনসভা ছিল। উক্ত জনসভা প্রতিহত করার ঘোষণা করেন আ’লীগ নেতা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর সমর্থকরা শুক্রবার রাতে হাতিয়া উপজেলার বিভিন্ন সড়কে ও বয়ারচরের রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। এতে করে শনিবার সকাল থেকে হাতিয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম খায়রুল আলম সেলিম জানান, প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করায় একরামুল করীম চৌধুরী এমপি বয়ারচর থেকে নির্ধারিত জনসভা বাতিল করে জেলা সদরে ফিরে যান। অপরদিকে হাতিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ওয়ালী উল হাসান হাতিয়া পৌরসভায় গোলযোগের আশংকায় শনিবার ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে দু’গ্রুপের কোন গ্রুপের কোন জনসভা করতে পারেনি।
