নোয়াখালীর কোম্পানীগঞ্জে অব্যবস্থাপনার কারণে বৃত্তি পরীক্ষা বাতিল হয়ে গেছে। এ সময় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে প্রশ্নপত্রে আগুন ধরিয়ে দেয়। উপজেলার বসুরহাট পৌরসভার ক্রিসেন্ট প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনায় গতকাল শুক্রবার ক্রিসেন্ট শিক্ষা বৃত্তি প্রকল্প নামে বৃত্তি পরীক্ষার আয়োজন করে। বসুরহাট পৌরসভার ৫ স্কুলে বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়। কেন্দ্রগুলো হল: ক্রিসেন্ট প্রি-ক্যাডেট স্কুল, বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুরহাট এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়, বসুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বসুরহাট ফাযিল মাদ্রাসা। এ কেন্দ্রগুলোর মধ্যে ৩টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসন স্বল্পতা ও প্রশ্নপত্রের স্বল্পতার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
