গোপালগঞ্জে কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীড স্টোরের স্থাপনা ভেঙ্গে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। কোটালীপাড়া উপজেলার কুশলা ইউপি চেয়ারম্যান সামসুল হক হাওলাদার কুশলা বাজারের কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীড স্টোরের স্থাপনা ভেঙ্গে চার লাখ টাকার ইট, কাঠ, রড বিক্রি করে আত্মসাত্ করেছেন বলে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়নের টিহাটি গ্রামের রহিম ফকির।
অভিযোগ দায়েরের পর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) তদন্ত কাজ শুরু করেছেন। ইউপি চেয়ারম্যান সামসুল হক হাওলাদার সীড স্টোর ভেঙ্গে নেয়ার কথা অস্বীকার করে বলেন, সীড স্টোরটি ১৯৮৮ সালের বন্যার সময় ভেঙ্গে পড়ে। ওই সীড স্টোরের ইট, রড, খোয়াসহ বিভিন্ন মালামাল তখন থেকেই চুরি হতে থাকে। আমরা সীড স্টোরের সামান্য জায়গায় চান্দিনা নির্মাণের সময় খনন করলে কিছু ইট পাই। এ ইট চান্দিনায় ব্যবহার করেছি মাত্র।
তদন্তকারী কর্মকর্তা ও কোটালীপাড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আবু তাহের হেলাল বলেন, এলাকার মানুষের সাক্ষ্য, বক্তব্য ও তথ্য প্রমাণাদি সংগ্রহ করে তদন্ত কাজ প্রায় সম্পন্ন হয়েছে। অচিরেই এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
