নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিবপুর উপজেলা চ্যাম্পিয়ন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
শিবপুর উপজেলা তাদের বিদেশি খেলোয়াড় কিংলের জোড়া গোলে নরসিংদীর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার স্থানীয় মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে শিবপুর উপজেলা ২-০ গোলে মনোহরদী উপজেলা দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। ১৭ ও ২২ মিনিটে গোলদুটি করেন নাইজেরিয়ান ফুটবলার কিংলে। আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠলেও কোন গোল করতে পারেনি মনোহরদী উপজেলা। জাতীয় দলের পাশাপাশি বিদেশিদের নিয়ে গড়া দলদুটির মধ্যকার আকর্ষণীয় এ খেলাটি দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শিবপুর উপজেলা এক লাখ এবং রানার্সআপ মনোহরদী উপজেলা ৫০ হাজার টাকা পায়। খেলাটি পরিচালনা করেন রেফারী ফেরদৌস আহমেদ। শিবপুর উপজেলা দলের পক্ষে অধিনায়ক আসাদ, সুমন, নেট, হাইসু, কলিংস, পারভেজ, উজ্জল, তাজ, রানা, সোহাগ ও মিলন এবং মনোহরদীর পক্ষে অধিনায়ক বিপ্লব, আরিফ, ইউসুফ, রনি, লিটন, শাকিল, এমিলি, মানিক, ভিক্টরী, কিংসলে ও নেপলী অংশ নেন। শ্রম ও কমসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এড. আসাদোজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা বেগম, সমাজ সেবক আবুল হারিস রিকাবদার, চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, ম্যাজিস্ট্রেট শিবলি সাদিক, শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, সামসুল আলম রাখিল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভুঁইয়া, ফুটবলার সুভাষ সাহা, হাবিবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাগণ। নরসিংদী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর এ টুর্নামেন্টটি শুরু হয়। এতে জেলার ছয়টি উপজেলা ও আমন্ত্রিত চারটি জেলাসহ ১২টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ শেষে আতশবাজীর চোখজুড়ানো দৃশ্য সকলের দৃষ্টি কেড়ে নেয়।