পিরোজপুরের জিয়ানগরে শুক্রবার সন্ধ্যায় ১৮ দলীয় জোটের ২৯ সেপ্টেম্বরের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি-জামায়াতের প্রস্তুতিমূলক শোডাউনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময় ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় দলের ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
জানা যায়, দীর্ঘ সাড়ে চার বছর পর বালিপাড়া ইউনিয়ন বিএনপি শুক্রবার বিকালে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেয়। অন্যদিকে শোডাউন প্রতিরোধ করতে পাল্টা প্রস্তুতি নেয় স্থানীয় আওয়ামী লীগ। সন্ধ্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে গেলে একপর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ এ সময় উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নিক্ষিপ্ত গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুহুল সেখ, ছাত্রলীগ কর্মী মামুন খান, ওয়ার্ড বিএনপি কর্মী জাকির হাং, শাজাহান, জুয়েল, জামায়াত কর্মী হাদিস ও মোয়াজ্জেম সেপাইসহ ৭ জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন হাং, যুবলীগ সভাপতি নাসির সেপাই, কবির বেপারি, রিয়াজ সেপাই, জাহিদুল সেপাই, ছাত্রদল কর্মী মিরাজ, সোহেল, নাসির এবং পথচারী রানা ও হাফিজুল। রাতেই গুলিবিদ্ধ রুহুল সেখ, মেয়াজ্জেম, হাদিস ও মামুন খানকে পিরোজপুর সদর হাসপাতাল এবং জাকির, শাহজাহান ও জুয়েলকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে এ সংঘর্ষের জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে পথেরহাট বাজারে শাহজাহান, হেমায়েত ও আসমত আলী নামে আওয়ামী লীগের তিন সমর্থকের দোকানপাট ভাঙচুর ও লুটপাটসহ নবিন নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ ঘটনার জেরে গতকাল শনিবার সকালে পথেরহাট বাজারে বিএনপি সমার্থক ডাঃ রুস্তম আলীর দোকান ভাংচুর ও বালিপাড়া বাজারে বিএনপির বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে যুবলীগের নেতাকর্মিরা। এ ব্যাপারে উপজেলা বিএনপির সহ সভাপতি কালাম সিকদার জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধা দেয়ায় এ সংঘাতের সৃষ্টি হয়। বালিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির সেপাই বলেন, মিছিল থেকে আমাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারলে এ ঘটনা ঘটে। ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এদিকে বর্তমানে বালিপাড়া বাজারে পুলিশ মোতায়েন থাকলেও দু’দলের নেতাকর্মিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
