জেপি মহাসচিব শহীদুল ইসলামের ৬৬তম জন্মদিন আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
আজ রবিবার জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের ৬৬তম জন্মদিন। তিনি ১৯৪৮ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী মরহুম শেখ মো. মূসা এবং মাতা মরহুম জেন্নাতুন্নেছা। শেখ শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ ও নেতৃত্ব দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং বৃহত্তর ফরিদপুর জেলার বিএলএফ (মুজিব বাহিনী) এর জেলা কমান্ডার হিসেবে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা, পূর্ত, পাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক কারণে ৫ বছরের অধিক কাল কারা জীবন-যাপন করেন। বর্তমানে জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যার জনক।- প্রেস-বিজ্ঞপ্তি