স্বপ্নের দেশ মনে করে অনেক প্রবাসী যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়েছিলেন। কিন্তু তাদের সেই স্বপ্নের সিঁড়ি অচিরেই আবার ভেঙ্গে যাচ্ছে। আর তাইতো অনেক মার্কিন নাগরিক নাগরিকত্ব ছেড়ে ভিন্ন কোনো দেশে কিংবা নিজের দেশে ফিরে যাচ্ছেন। খবর বিবিসির।
একটি কর আইনকে কেন্দ্র করে এই নাগরিকত্ব ছাড়ার হার বেড়ে গেছে। আগামী বছরের জুলাই থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে আইনটির বিধিবিধানে অনেকে হতাশ হয়ে পড়েছেন। চলতি বছরের আট মাসে নাগরিকত্ব ছাড়ার জন্য আবেদন করেছেন এক হাজার ১৩১জন। গত বছর এই সংখ্যা ছিল ১৮৯ জন। মার্কিন নিবন্ধকের কার্যালয় থেকে জানানো হয়েছে, আবেদনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে করই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। বৈদেশিক হিসাব ও কর সংক্রান্ত আইনে বলা হয়েছে, বিশ্বের যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করবে তাদেরকে সমস্ত হিসাব দেশটির অভ্যন্তরীন রাজস্ব বিভাগকে জানাতে হবে। আর যাদের ব্যক্তিগত আয় ৫০ হাজার মার্কিন ডলারের উপরে তাদের আয় ও সম্পদ বিবরণীও রাজস্ব বিভাগকে জানাতে হবে। যুক্তরাষ্ট্র কে শতকরা ৩০ভাগ লভ্যাংশ প্রদান করতে হবে। প্রবাসী মার্কিন নাগরিকদের কাছ থেকে অনাদায়ী একশ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্দেশ্যেই এই আইন করা হচ্ছে বলে জানা গেছে। আর এই কর প্রদান করা অনেকের জন্য কষ্টকর হবে।
