রাজশাহী বিভাগের চার জেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিসহ ৮ নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।
শুক্রবার রাতে নগরীর টিকাপাড়ার একটি মসজিদে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। হরতালে সমর্থনে এবং নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে নগরীর তালাইমারী এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ইটপাটকেল বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ হরতালের সমর্থনে শনিবার দুপুরে নগরীর তালাইমারী এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এছাড়া নগরীর উপকণ্ঠ মতিহার থানার কাটাখালী পৌর এলাকায় হরতালের সমর্থনে ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে ৩ নেতাকর্মীকে আটক করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, তারা মসজিদে বসে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করছিল। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
