ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১১ সালে বহরমপুরে তৃণমূল কংগ্রেস কর্মী কামাল শেখের খুনের ঘটনায় এই পরোয়ানা জারি করেছে বহরমপুর সিজেএম কোর্ট। ২০১১ সালের ১৫ মে বহরমপুরের গোরাবাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় খুন হন তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। এই খুনের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করেছিল। তারা এখন জেলে।
গত বুধবার পুলিশ এই ঘটনায় একটি সম্পূরক অভিযোগপত্র পেশ করে বহরমপুর সিজেএম কোর্টে। ওই অভিযোগপত্রে খুন এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগে অধীর চৌধুরীসহ আরও এক কংগ্রেস কর্মীর নাম রয়েছে। চার্জশিটে তাদের পলাতক দেখানো হয়। এরপরই শুক্রবার বিচারক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে, অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদ জুড়ে। এর প্রতিবাদে শুক্রবার রাত থেকেই আন্দোলনে নেমেছে জেলা কংগ্রেস।
