গতকাল সম্মিলিত পরিষদের নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য স্থানীয় একটি হোটেলে যে প্যানেল পরিচিতি হল, তাকে সোজা বাংলায় নাজমুল হাসান পাপন শিবিরের পরিচিতি বলে চিহ্নিত করা যায়। কিন্তু এই প্যানেলের তালিকা দেখে চোখ কপালে উঠতেই পারে। কারণ পানেলের ১৪ জনের মধ্যে খোদ বিসিবি সভাপতি ও দুই মুখোমুখি প্রতিদ্বন্দ্বীর অন্যতম নাজমুল হাসান পাপনেরই নাম নেই! এই নাম না থাকা দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। প্রথমত পাপন নিজেই বলেছেন, এই প্যানেল এখনও চূড়ান্ত নয়; কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলে প্যানেল চূড়ান্ত হবে। দ্বিতীয় এবং বাস্তবতা বলছে, পাপন আসলে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে বোর্ড পরিচালক হওয়ার পথে হাঁটবেন না। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত তিন পরিচালকের একজন হওয়ার অপেক্ষায় থাকবেন। সে ক্ষেত্রেও তার সভাপতি হওয়ার সুযোগ থাকবে।
এই পাপনের নাম না থাকার আপাত-চমক ছাড়া গতকাল সম্মিলিত পরিষদের এই প্যানেল পরিচিতি নামের পুনর্মিলনী অনুষ্ঠানে চমক বলে তেমন কিছু ছিল না। অনুষ্ঠান উপস্থাপনা করলেন অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি। আবাহনী থেকে কাউন্সিলরশিপ না পেয়ে তিনি চটে যাননি, এই ঘটনায় অন্তত এমনটা ভেবে স্বস্তি পেতে পারেন পাপন-শিবিরের লোকেরা। অনুষ্ঠানে যারা বক্তৃতা করলেন, তাতেও নির্বাচনী সমীকরণ অনেকটা পরিষ্কার হল। আবাহনী সভাপতি সালমান এফ রহমান, মোজাফ্ফর হোসেন পল্টু, গাজী আশরাফ হোসেন লিপু, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আফজালুর রহমান সিনহা।
গতকাল দুপুরের এই অনুষ্ঠানে বিসিবি নির্বাচনে ক্লাব পরিচালকদের ১২টি পদের জন্য সম্মিলিত পরিষদের ১৪ জনের প্যানেল ঘোষণা করা হল। এখান থেকে পরে আরও দু’জনের নাম কমিয়ে আনা হবে। সম্মিলিত পরিষদের প্যানেলে রয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, আহমেদ ইকবাল হাসান, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, আইএইচ মল্লিক, গাজী গোলাম মুর্তজা, তানজিল চৌধুরী, নাজমুল করিম টিংকু, জমির আহমেদ, হানিফ ভুঁইয়া ও শওকত আজিজ রাসেল। প্যানেলে নিজের নাম না থাকা নিয়ে পাপন বললেন, ‘আশা করি, আপনারা ব্যাপাটি বুঝে নেবেন। সেজন্যই ব্যাখ্যা করিনি।’ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত ২৩ পরিচালকের সঙ্গে এনএসসি মনোনীত তিনজন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত করা হবে। এনএসসির কোটায় পরিচালক হলে সেই নির্বাচনে বোর্ড সভাপতি পদে দাঁড়াতে পারবেন নাজমুল। অনুষ্ঠানে মোটামুটি সব বক্তাই নাজমুল হাসান পাপনকে সভাপতি নির্বাচিত করার ওপর জোর দিলেন। সেই সঙ্গে কোনো কোনো বক্তা ফোরামের ভূমিকার সমালোচনাও করলেন যথারীতি।
