কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
উরুর ইনজুরি লিওনেল মেসিকে দুই থেকে তিন সপ্তাহেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার গত শনিবারের লিগ ম্যাচে মেসি উরুতে এই চোট পান। চারবারের বিশ্বসেরা মেসির বিশ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত এক শটেই এই ম্যাচে এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে এরপর খুব বেশি সময় মাঠে থাকা হয়নি এই আর্জেন্টাইনের। ম্যাচ শেষে মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়, সেল্টিকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ তো বটেই নু ক্যাম্পে ভ্যালেডোলিডের বিপক্ষে লিগ ম্যাচেও মাঠে নামা হচ্ছে না তার। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ (গতকাল) সকালে করা পরীক্ষাগুলো বলছে মেসি ডান উরুতে ছোট একটি চোট পেয়েছেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি ফিরতে পারছেন না।’ বার্সার জন্য সুখবর হচ্ছে, আগামী সপ্তাহের ঐ ম্যাচ দুটির পর আন্তর্জাতিক সূচিকে সময় দিতে দুই সপ্তাহের জন্য বন্ধ থাকছে ক্লাব ফুটবল। ওসাসুনার বিপক্ষে অক্টোবরের ১৯ তারিখের ম্যাচ দিয়েই সম্ভবত মাঠে ফিরবেন মেসি। এদিকে আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা এরই মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ডেকেছেন মেসিকে। তবে ধারণা করা হচ্ছে চোটের কারণে উরুগুয়ে এবং পেরুর বিরুদ্ধে ম্যাচ দুটি সাইড বেঞ্চে বসেই কাটাতে হবে মেসিকে। আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে আগামী বছর অনুষ্ঠেয় ব্রাজিল বিশ্বকাপে উত্তরণ নিশ্চিত করে ফেলেছে। উল্লেখ্য, গত মৌসুমের শেষ থেকেই পেশির চোটে ভুগছেন মেসি। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও বল পায়ে তিনি আগের মতোই দুর্বার। ক্লাবের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত নয় ম্যাচে করেছেন ১১ গোল।