বার্সেলোনার রেকর্ড জয়ের রাতে মাদ্রিদের ‘ডার্বি’ হার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
লিওনেল মেসির সূচনা গোলে স্পানিশ লিগে অ্যালমেইরার মাঠে ২-০ ব্যবধানের জয় পেলেও শেষ পর্যন্ত ফিফার বর্ষসেরা খেলোয়াড়টির ইনজুরির বিষাদে ডেকে যায় বার্সেলোনার রেকর্ড গড়ার রাতটি। একই যাত্রায় অবশ্য তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার রাতে পড়শি অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে পরাস্ত হয়। বার্সেলোনার এটি সপ্তম জয়। কাতালানরা স্পানিশ লিগ মৌসুমের ভাল সূচনার বিচারে এর সুবাদে নতুন ক্লাব রেকর্ড গড়লো। ২১ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। এর আট মিনিট পরই আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের মাংশপেশিতে সমস্যা দেখা দেয়ায় বদলি খেলোয়াড় চান। কোচ জেরার্ডো মার্টিনোর দলের দ্বিতীয় গোলটি আসে সেসক ফেব্রেগাসের পাসে আদ্রিয়ানোর লক্ষ্যভেদে। তখন খেলার ৫৬ মিনিট। রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচে দামি খেলোয়াড় গ্যারেথ বেলের নিজ মাঠে অভিষেকের রাতেই নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার মানলো। বেল দ্বিতীয়ার্ধে বদলি মাঠে নামেন। মাদ্রিদ ‘ডার্বি’ হিসেবে পরিচিত এ খেলাটিতে দিয়েগো কস্তার গোলে ১১ মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো। কোচ দিয়েগো সিমিওনের দলটি শেষ পর্যন্ত এ অগ্রগামিতা ধরে রাখতে সক্ষম হয়। সিমিওনে অবশ্য মনে করেন সামর্থ্যের হেরফেরের কারণে মৌসুম জুড়ে লড়াইয়ে রিয়াল ও বার্সেলোনার সাথে লড়াই সম্ভব নয় অ্যাথলেটিকোর পক্ষে। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ৩৮ খেলার এ লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর্থিক ক্ষমতা ও ব্যক্তিগত উত্কর্ষতায় আমাদের চেয়ে এগিয়ে থাকবে।’ অ্যাথলেটিকো জয়টি দিয়ে তাদের দুর্দান্ত লা লিগা অভিযান অব্যাহত রাখতে সক্ষম হলো। কেননা এ পর্যন্ত অনুষ্ঠিত লিগের সাত খেলার সবকটিতেই জিতেছে সিমিওনের দল। ব্রাজিলীয় কস্তার জয়সূচক গোলটি ছিল চলতি মৌসুমে তার অষ্টম অর্জন। অ্যাথলেটিকো ১৯৯৯ সালের পর এই প্রথম রিয়ালকে লিগ ম্যাচে হারাতে সক্ষম হলো। স্বাগতিক কোচ কার্লো অ্যানচেলোত্তি স্বীকার করেছেন যে, অ্যাথলেটিকো মাদ্রিদ যোগ্যতর দল হিসেবেই জিতেছে। যদিও এটা তার প্রথম হার রিয়ালের হয়ে। তাছাড়া লিগের সাত খেলায় এ নিয়ে চারবারই খেলার শুরুতে গোল হজম করলো অ্যানচেলোত্তির দল। ক্রিস্টিয়ানো রোনালদো খেলা শেষে বলেন, ‘এটা আমাদের দিন ছিল না। আমরাই খেলতে পারিনি। এ হারে ম্যানেজারের করার কিছু নেই। যত দোষ খেলোয়াড়দেরই।’