ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের ২০তম শিরোপা জিতেছে বড়জোর পাঁচ মাস আগে। অথচ এর মধ্যেই দলটি কঠিন পরিস্থিতির সম্মুখীন। এমনিতেই মৌসুমের শুরুটা ভাল হয়নি। তারও পর গত শনিবার রাতে ওয়েস্ট ব্রমউইচ ওল্ড ট্র্যাফোর্ডে এসে ২-১ গোলে হারিয়ে দিল স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী ডেভিড ময়েসের দলটিকে। লিগের তৃতীয় এই হারে ম্যানচেস্টার ইউনাইটেডকে গড়িয়ে গেলো দ্বাদশ স্থানে। যদিও আর্সেনাল সবাইকে তাক লাগিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতটি ছিল যেন বড় দলগুলোর পতনের রাত। নইলে বিপক্ষের মাঠে ম্যানচেস্টার সিটি হারতো না, পয়েন্ট খোয়াতে হতো না চেলসিকে। শিরোপা প্রত্যাশী সিটি ৩-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার মাঠে। ৩৫ বছর পর নিজ মাঠে ওয়েস্ট ব্রমউইচের কাছে হারের মধ্যেও ম্যানচেস্টার ইউনাইটেডের সান্ত্বনা হয়তো পড়শিদের এই দুর্ভাগ্য। এছাড়া টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে চেলসি। অপরদিকে প্রাক মৌসুম অনেক সমালোচনার মধ্যে পড়লেও সোয়ানসি সিটির মাঠে ২-১ গোলে জিতে এগিয়ে চলেছে কোচ আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
শিরোপা রক্ষায় স্যার অ্যালেক্স ফার্গুসনহীন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা কতটা সঙ্গীন তা বোঝা যায় এখন পর্যন্ত ছয় খেলায় অংশ নিয়ে তারা কেবল ৭ পয়েন্ট পেয়েছে। শীর্ষে অবস্থান নেয়া আর্সেনালের চাইতে দলটির অবস্থান ৮ পয়েন্ট পেছনে। ২৪ বছরের মধ্যে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের সবচাইতে বাজে সূচনা। ময়েস অবশ্য এতে ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন।
অবশ্য পিছিয়ে পড়েও স্ট্রাইকার ওয়েন রুনির গোলে সমতা এনেছিল ইউনাইটেড। কিন্তু মরগান অ্যামালফিটানোর পাশাপাশি সাইদো বেরাহিনহোর গোল নিশ্চিত করে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রমউইচের বিরল এক জয়।
সিটি গত সপ্তাহে ম্যানচেস্টার ‘ডার্বি’তে ৪-১ গোলের জয় পেলেও এ রাতে ভিলার কাছে দুবার এগিয়ে গিয়েও অগ্রগামিতা বিসর্জন দেয়। আন্ড্রিয়াস ওয়েইমান জয়সূচক গোলটি করেন। এ হারের ফলে কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির দল চলতি মৌসুমে লিগের খেলায় এখনো বিপক্ষের মাঠে জয়হীন থাকলো। চিলির এই কোচ বুঝতে পারছেন ইংলিশ লিগটির গতিপ্রকৃতি। তাই তিনি বলেন, ‘আমি জানি না কয়টা দল শিরোপার জন্য লড়াই চালিয়ে যাবে। এটা কঠিন এক লিগ এবং দলগুলোর মধ্যকার তফাত্ খুব বেশি নয়।’
চেলসি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার খেলাটি শুরুর আগে অনেক উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয়। দুই পর্তুগীজ কোচের মধ্যকার লন্ডন ‘ডার্বি’তে টটেনহ্যাম এগিয়ে গেলেও চেলসি অধিনায়ক টেরি গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন।
আর্সেনাল মৌসুমের শুরুতে অনেক সমালোচিত হয় একে একে অনেক ফুটবলারকে টার্গেট করেও দলে ভেড়াতে না পারায়। শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ থেকে মেসুত ওজিলকে এনে পরিস্থিতি সামাল দিলেও লিগের প্রথম ম্যাচটিতে হারতে হয়েছিল তাদের। এরপর থেকেই পয়মন্ত সময়ের মধ্যেই আছে আর্সেনাল। সর্বশেষ সোয়ানসি সিটির মাঠে ২-১ গোলে জিতে দলটি শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়।
