বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট

কালের কণ্ঠ চ্যাম্পিয়ন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে দৈনিক কালেরকণ্ঠ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে কালেরকণ্ঠ ৩ উইকেটে চ্যানেল নাইনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে চ্যানেল নাইন নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেটে হারিয়ে ৬২ রান তোলে। মাহফুজুর রহমান ১০ ও রেজোয়ান বাঁধন ২০ রান করেন। কালেরকণ্ঠের আতিক পাঁচ রানে দুটি উইকেট পান। ৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কালেরকণ্ঠ জামাল হোসেনের অপরাজিত ২৬ এবং বিপ্ল¬ব চক্রবর্তীর অপরাজিত ২২ রানের উপর ভর করে মাত্র তিন ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জামাল ম্যান অফ দি ফাইনাল হন। জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুর রহমান শামীম ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আরিফুর রহমান বাবু প্রমুখ।