আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনে বাড়তি সুবিধা পেতে আন্দোলনের হুমকি দিচ্ছে। মূলত বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে গতকাল রবিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বহির্বিশ্ব আমাদের উন্নয়নে প্রশংসা করছে, কাজের স্বীকৃতি দিচ্ছে। আর বিএনপি এগুলো দেখে না। তিনি আরো বলেন, কিছু বুদ্ধিজীবী দেশে সংকট আছে বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূলত দেশে কোন সংকট নেই, তারা পরিবেশ ঘোলাটে করে সংকট তৈরি করতে চায়। সভায় দেশে কোন সংকট নেই দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধী দল সংকট আছে বলে মনে করলে সংসদে এসে আলোচনা করতে পারে। সংবিধানের মধ্যে সব সমাধান আছে।
সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
