আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। এতে কোন সংশয় নেই, এটা স্পষ্ট। নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। এ সময় তিনি সংবিধানের ৫৭(৩) ধারা তুলে ধরে বলেন, সংবিধানে যা লেখা আছে তাই হবে।
গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি যদি সংবিধানের অধীনে নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগ কি একা নির্বাচন করবে? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান মানা সবার দায়িত্ব। এটা কোন ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপার নয়। আমরা সংবিধান মেনেই আগামী নির্বাচন করতে চাই। বিরোধী দলের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, সংসদ অধিবেশন চলছে। বিরোধী দল যদি মনে করে কোন বিষয়ে তাদের কোনো দ্বিমত আছে, তাহলে তারা সংসদে গিয়ে তা তুলে ধরতে পারে।
‘আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে’ মর্মে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল একতরফা জাতীয় সংসদ নির্বাচন চায় না। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিএনপি নিজেদের মুখোশ উন্মোচিত করেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, কাদের মোল্লার রায় একটি ঐতিহাসিক রায়। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৭তম জন্মদিন ও সাউথ সাউথ পুরস্কার লাভের জন্য ১৪ দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
বৈঠকে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
