প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ৮ দিনের সরকারি সফর শেষে রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ সোমবার সকালে দুবাই পৌঁছাবেন। দুবাই বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রা বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে দুবাই থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন।
জন এফ কেনেডি বিমানবন্দরে সকালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৮তম অধিবেশনে যোগদানের জন্য গত ২৩ সেপ্টেম্বর সরকারি সফরে নিউইয়র্ক যান। জাতিসংঘ অধিবেশনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
