সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের তারিখ পিছিয়েছে। আগামী বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা ছিলো। অসুস্থতার কারণে আসতে না পারায় আলমগীর কবিরের পক্ষে সময় প্রার্থনা করা হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী বুধবার তার জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়।
দুদক সূত্র জানিয়েছে, ২০০৬ সালের আগস্টে আলমগীর কবির গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। এর মাধ্যমে ৩৯ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাত্ করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে সংগঠনটিকে নামমাত্র মূল্যে এ প্লট বরাদ্দ দেয়া হয়েছে। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সাংবাদিকদের একটি সংগঠনকে জমি বরাদ্দ দেয়া অভিযোগে সাবেক গণপূর্ত মন্ত্রী আলমগীর কবিরকে দুদকে তলব করা হয়। দুদকের সহকারী পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
