পবিত্র ঈদ-উল-আযহা ও দূর্গাপূজা উপলক্ষে আগামীকাল থেকে করে ১০ অক্টোবর পর্যন্ত নতুন টাকা নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সকল অফিসের কাউন্টার থেকে জনসাধারন এ নতুন নোট নিতে পারবেন। এছাড়া রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ১২ জায়গা থেকে এ সময়ে বিশেষ ব্যবস্থায় নতুন নোট বিনিময় করা হবে। এসব শাখা হলো, অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব ও এলিফ্যান্ট রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, জনতা ব্যাংকের নিউ মার্কেট ও বঙ্গবন্ধু এভিনিউ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ ও মিরপুর-১ শাখা এবং ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা। এছাড়া দেশের সকল তফসিলি ব্যাংকের অন্যান্য শাখার মাধ্যমেও জনসাধারণকে নোট ও কয়েন বিনিময়ের ব্যবস্থা অব্যাহত থাকবে।
ঈদে নতুন টাকা সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরই ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানা গেছে, এবারের ঈদ-উল-আযহায় ২২ হাজার কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এরমধ্যে ১০ হাজার কোটি টাকাই নতুন নোট। নতুন টাকা যাতে সাধারণ মানুষ সহজে পেতে পারেন সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা অফিসগুলোতে কাউন্টার খোলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কারেন্সী অফিসার (মহাব্যবস্থাপক) সাইফুল ইসলাম খান ইত্তেফাককে বলেন, বিভিন্ন উত্সব বিশেষ করে ঈদের সময় নগদ টাকার চাহিদা বেড়ে যায়। তাই এসময় বাজারে নতুন নোট ছাড়া হয়। আর এ সুযোগ নিয়ে মুদ্রা বিনিময়কারীসহ বিভিন্ন দালাল চক্র এবং জাল টাকা ব্যবহার বেড়ে যায়। তাই জাল টাকা প্রতিরোধে আইন শৃংখলা বাহিনীকে সব ধরনের সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক।
