ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে সহকারি রিটানিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে উপমন্ত্রী জ্যাকব ঢাকা থেকে লঞ্চযোগে বুধবার সকালে চরফ্যাশনের ঘোষেরহাট ঘাটে পৌছলে সেখানে অপেক্ষমান হাজার হাজার দলীয় নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দু’বার জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি রেকর্ড পরিমাণ উন্নয়ন করে জনগণের ঋণ শোধ করার চেষ্টা করেছি। নৌকা মার্কার পক্ষে আজকের গণজোয়ার প্রমাণ করেছে জনগণ উন্নয়নকে মূল্যায়ন করে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে উন্নয়নের চলমান ধারা অব্যহত রাখতে চান।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
ইত্তেফাক/কেআই
