চৌদ্দগ্রামে বিদ্যুতের খুঁটিতে লতাগুল্ম:দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
চৌদ্দগ্রামে দুই শতাধিক বিদ্যুতের খুঁটি ও খুঁটি সংলগ্ন তারে বেড়ে উঠেছে লতাগুল্ম। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। লতা পরিষ্কার করতে গিয়ে দশ বছরে বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত বিশজন নিহত হয়েছে। জানা গেছে, পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ দূর-দূরান্তের গ্রামগুলোতে ফসলি জমি দিয়ে নেয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি ও তার। ফসিল জমি ও রাস্তা সংলগ্ন দুই শতাধিক খুঁটিতে বিভিন্ন প্রকার লতা বেড়ে উঠেছে। যার ফলে বর্ষার সময় লতায় জড়ানো তারে মৃত্যুর ঘটনা ঘটে। এভাবে দশ বছরে অন্তত বিশজন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। এজন্য লতায় জড়ানো খুঁটি ও তারের পাশে বসবাসকারী সাধারণ মানুষকে সব সময় আতঙ্কে থাকতে হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, গুনবতী, আলকরা, জগন্নাথদীঘি, কালিকাপুর, বাতিসা, মুন্সিরহাট, কাশিনগর, শ্রীপুর ও উজিরপুরে বিভিন্ন রাস্তা সংলগ্ন খুঁটি লতায় ঘেরাও রয়েছে। উপজেলা সদরের বিদ্যুত্ সরবরাহ অফিস থেকে মাত্র ৫শ’ গজ পশ্চিমে চৌদ্দগ্রাম বাজার-চাঁন্দিশকরা সড়কের পাশ দুইটি খুঁটি ও তার লতায় ঢেকে আছে। খুঁটিগুলো পরিষ্কারে বিদ্যুত্ বিভাগের কর্মীদের যেন মাথা ব্যথা নেই। সচেতনমহল জানায়, লতাগুল্মে ভরা বিদ্যুতের খুঁটিগুলো পরিষ্কার না করলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।