ঈদ-উল-আযহাকে সামনে রেখে পিঁয়াজের দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয় যে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্বাভাবিক রয়েছে। কমিটির সদস্যরা পিঁয়াজের দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করেন।
অপরদিকে ঈদ-উল-আযহার সময় সকল ধরনের মসলার বাজার মূল্য স্থিতিশীল রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটি বাজার মূল্য সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর বাজার উন্নয়ন তহবিলে কত টাকা রয়েছে কমিটির পরবর্তী বৈঠকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সচিবালয়ের তিনজন সহায়ক কর্মকর্তাকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ট্রেড ফেয়ারে প্রেরণের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সদস্য রুমানা মাহমুদ এবং মো. জয়নাল আবেদীন বৈঠকে অংশগ্রহণ করেন। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহসহ বাণিজ্য মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
