লালুপ্রসাদ যাদবকে দোষী ঘোষণা, কারাগারে প্রেরণ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৪
ভারতের বহুল আলোচিত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক রেলমন্ত্রী ও লোকসভার এমপি লালুপ্রসাদ যাদব। তিনি ছাড়াও আরও ৪৫ জনকে এই দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার লালুর সাজা ঘোষণা হবে। গতকাল সোমবার রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। দোষী সাব্যস্ত হওয়ায় লালুকে রাঁচি কারাগারে প্রেরণ করা হয়। লালু প্রসাদ যাদব রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এই বিচার চলছিল। আদালত দোষী ঘোষণা করায় তার সংসদ সদস্য পদ বাতিল করা হবে। গতকাল সকালে রাঁচির বিশেষ আদালতে হাজির হন লালু। আদালত চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল। লালুর পাশাপাশি এই হাই প্রোফাইল মামলায় দোষী সাব্যস্তদের মধ্যে আছেন রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ও রাজ্যের ক্ষমতাসীন দল জনতা দল (ইউনাইটেড) এমপি জগদীশ র্শমা। ভুয়া পশুখাদ্য বিলের মাধ্যমে অবিভক্ত বিহারের চাঁইবাসার ট্রেজারি থেকে ৩৭ কোটি ৭০ লক্ষ রুপি আত্মসাত্ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তারা। এই দুর্নীতিতে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা তার। এমন একটা সময় লালুর সাজা হচ্ছে যখন ভারতে সাজাপ্রাপ্তদের ভোটে দাঁড়ানো ও সংসদ সদস্য পদ বাতিল করার নিয়ম পাস হয়েছে। ১৯৯৬ সালে চাঁইবাসা ট্রেজারি থেকে গবাদি পশুর খাবার কেনার নামে তুলে নেয়া হয় ৩৭ কোটি সত্তর লক্ষ রুপি। অবিভক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। বিহারের পশুখাদ্য কেলেঙ্কারিতে হইচই পড়ে যায় দেশজুড়ে। পাটনা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।