রানা প্লাজায় নিহত প্রত্যেক শ্রমিকের ক্ষতিপূরণ ২০ লাখ টাকা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
রানা প্লাজায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণ ২০ লাখ টাকা করে দেয়ার সুপারিশ করেছে ক্ষতিপূরণ নির্ধারণে গঠিত কমিটি। এছাড়া ওই দুর্ঘটনায় যাদের দুইয়ের অধিক অঙ্গহানি হয়েছে তাদেরও এই পরিমাণ ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করা হয়েছে। আর শ্রমিকদের দুই অঙ্গহানির ক্ষেত্রে ১৫ লাখ টাকা ও এক অঙ্গহানির ক্ষেত্রে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটি ইতিমধ্যে এই সুপারিশ অনুমোদন দিয়েছে। শিগগিরই এটি আদালতে উপস্থাপন করা হবে। রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করতে হাইকোর্ট স্বপ্রণোদিত আদেশ জারি করে। ওই আদেশের ভিত্তিতে সরকার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দীকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। কমিটির সদস্য অর্থনীতিবিদ এম এম আকাশ গতকাল ইত্তেফাককে জানান, আমাদের সুপারিশ কমিটি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। শিগগিরই এটি আদালতে জমা দেয়া হবে। তিনি বলেন, নিহত শ্রমিকদের লস অব আর্নিংয়ের ভিত্তিতে এই ক্ষতিপূরণের সুপারিশ করা হয়েছে।