রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় বন্ধ করে দেয়া ওষুধের দোকান খুলে দেয়া এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে মিটফোর্ড ও বাবুবাজার এলাকার ওষুধ ব্যবসায়ীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের নেতারা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে বৈঠকে বসেছেন। সমিতির উপ-সচিব মনিরুল ইসলাম জানান, বৈঠক শেষে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচি সারাদেশের ওষুধ ব্যবসায়ীরা পালন করবেন।
গত শনিবার মিটফোর্ড-বাবুবাজারের সমিতি মার্কেট, খান মার্কেট, নুরপুর মার্কেট, ইউসুফ মার্কেট, আলী মার্কেট, নায়না মার্কেট, ঢাকা মার্কেট ও সুরেশ্বর মার্কেটে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা এবং এক কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় ১০৩ জনকে।
