রাজশাহীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশু কন্যাসহ এক মা আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর ভদ্রা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার কাকলি (২৫) ও তার দেড় বছরের শিশুকন্যা লাবনীর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাছি গ্রামে। কাকলির স্বামী মনসুর আলী রাজশাহী মহানগরীর সাহেব বাজারে একটি প্রতিষ্ঠানের অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত। তারা নগরীর ভদ্রা এলাকার ভাড়া থাকতেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, স্বামীর উপর অভিমান করে কাকলি দুপুরে ভদ্রা রেলক্রসিংয়ের পাশে ট্রেনের নিচে শিশু কন্যাকে নিয়ে ঝাঁপ দেন। এতে কাকলি ঘটনাস্থলে এবং তার শিশু কন্যা লাবনী হাসপাতালে নেয়ার পরে মারা যায়। পরে উভয়ের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর্থিক টানাপড়েনে কাকলি স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে।
