খাচ্ছো তুমি গাপুরগুপুর ইচ্ছে যখন যা
সকালবেলায় আন্ডা-কলা, গরম গরম চা।
চাচ্ছো যেটা পাচ্ছো সেটা, চাইলে আসে সব;
নামটা তোমার আবুল কালাম, মা ডাকে বিপ্লব।
আব্বু ডাকেন বিপুল বলে, কদর তোমার বেশ—
মামার প্রিয় ভাগ্নে বলে নেই আদরের শেষ!
কিন্তু তোমার বোনের দিকে খেয়াল কারো নেই
যা পায় খেয়ে ইশকুলে যায় ভোরবেলা উঠেই।
বিকেলবেলায় বাসায় ফিরে খেয়ে দু‘মুঠ ভাত—
মায়ের ডাকে দৌড়ে গিয়ে লাগায় কাজে হাত।
পাশের বাড়ির আন্টি এলে দেয় বানিয়ে চা;
তুমি তখন খেলতে ছোটো— আদুরে বাচ্চা!
চাইলে কিছু একটা তুমি দুইটা পেয়ে যাও—
বোনটি কিছু চাইলো কিনা খবর নিতে চাও?
ভাইও মানুষ, বোনও মানুষ— আব্বা-মাও এক;
অথচ বোন পাউরুটি খায় ভাইটি চিবায় কেক।
এমন ফারাক চলবে না আর— পাল্টে গেছে দিন..
বোনের কাছে ভাইয়ের এখন শুধতে হবে ঋণ!
